দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকার ইঙ্গিত দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে মঙ্গলবার স্বর্ণের দাম বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্যের দিকে নজর রাখছেন।
রয়টার্সের বরাতে জানা যায়, সোমবার প্রায় ২ শতাংশ কমার পর মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৫২২.২৮ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন স্বর্ণ ফিউচার ১ শতাংশ বেড়ে ৪,৫৫২ ডলারে ওঠে।
ফরেক্স ডট কমের বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, স্বর্ণের বাজারের দিকনির্দেশ মূলত তেল, বন্ডের ফলন এবং মার্কিন ডলারের গতিবিধির ওপর নির্ভর করছে, যা আবার মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তার মতে, বাজারে নতুন ক্রয় প্রবণতা তৈরি না হলে স্বর্ণে স্পষ্ট ঊর্ধ্বমুখী গতি দেখা কঠিন।
অন্যদিকে, ইরানের মেহর নিউজ জানিয়েছে, চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রস্তাবিত চুক্তি ইরান বিবেচনা করছে। এর আগে ট্রাম্পও আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনার কথা জানান।
তেলের বাজারে আগের দিনের বড় উত্থানের পর মঙ্গলবার কিছুটা পতন দেখা গেছে। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও উচ্চ সুদের হার দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, উচ্চ সুদের হার অ-মুনাফাভিত্তিক সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়, যদিও এটি সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত।
এদিকে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের চাকরির শূন্যপদ, এডিপি কর্মসংস্থান প্রতিবেদন এবং মূল কর্মসংস্থান তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে বাজার। এসব তথ্য ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতির ইঙ্গিত দেবে বলে ধারণা করা হচ্ছে।
কমার্জব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স ৪,৮০০ ডলারে পৌঁছাতে পারে। ২০২৭ সালের মধ্যে এটি ৫,২০০ ডলারে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট রুপার দাম ২.১ শতাংশ বেড়ে ৭৬.৩৭ ডলার, প্লাটিনাম ২.২ শতাংশ বেড়ে ১,৯৬৬.৬৫ ডলার এবং প্যালাডিয়াম ১.৭ শতাংশ বেড়ে ১,৩৮৫.৩৭ ডলারে পৌঁছেছে।
জে আই